নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৪:১২
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে তা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে ‘নতুন কিছু নয়’ বলে মন্তব্য করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তবে সেটি কেবল দ্বিপক্ষীয় সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে।
তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই যুদ্ধের হুমকি দিয়ে আসছেন। অতীতেও বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের কথা বলা হয়েছে। প্রায়শই তারা দাবি করে থাকেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ সব বিকল্প বিবেচনায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে খামেনি বলেন, যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। ইরানি জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সামরিক ভঙ্গি’তেও তারা ভয় পাবে না বলেও তিনি উল্লেখ করেন।