নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১৫:৩৫
ইরানে প্রবেশের সময় আরমেনিয়ায় ৭ বাংলাদেশি আটক
আরমেনিয়ার সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আরমেনিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম 'নিউজ ডট এএম'।
আটকদের বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে একদল বাংলাদেশি নাগরিক আরমেনিয়া থেকে ইরান সীমান্তে প্রবেশের চেষ্টা চালান। এ সময় আরমেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের গতিবিধি শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি-র আরমানিয়ান শাখা ‘আজাতুতুন’ প্রথম এই খবরটি প্রকাশ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আটকরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা কোনো বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করেছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় আরমেনিয়া বা অন্যান্য ট্রানজিট দেশ ব্যবহার করে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের প্রবণতা বাড়ছে, যা প্রায়শই প্রবাসীদের বিপজ্জনক পরিস্থিতির মুখে ফেলে দিচ্ছে।