নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৫:৫৬
রবিবার নির্বাচনী জনসভায় শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুরে যাচ্ছেন আজ রোববার (১ ফেব্রুয়ারি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি শেরপুর শহরে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
ডা. শফিকুর রহমান ঝিনাইগাতী উপজেলায় ২৮ জানুয়ারি বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন শ্রীবরদীতে। ওই সংঘর্ষের ঘটনায় নিহত রেজাউল করিম জামায়াতের শ্রীবরদী থানার সেক্রেটারি ছিলেন।
কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠ পরিদর্শন করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে এবং জামায়াত আমিরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।