নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের আগে বা পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সব সময় ভয় পান ভোট দিতে যাব গোলমাল না হয়। ভোট দিয়ে ফিরে আসার সময় যাতে গোলমাল না হয়।
বিএনপির মহাসচিব বলেন, আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই- ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।
‘আপনারা এদেশের নাগরিক, এদেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি’ বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা যদি সরকারকে ঠিকভাবে নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না। অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেওয়া হতো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেই সাথে সমস্ত সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।
এসময় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।