নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৬:৪৫
জামায়াতে ইসলামীতে নারী প্রার্থী নেই কেন? মতামত নিয়েছে ইইউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী নেই কেন? এই বিষয়ে নারীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলে একটি মতামত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে
অনুষ্ঠিত বৈঠকে দলের নারী নেত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক
লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈঠকে
মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী
সুলতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা,
পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি মানসুরা আক্তার এবং পেশাজীবী মহিলা বিভাগের নেতা নাসরিন
সুলতানা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা
আক্তার বলেছেন, ইইউর প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব
করছেন কিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের
কোনো নারী প্রার্থী না থাকায় এর কারণ ও প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পরিচয়ে
সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর খুব অল্প সময় পাওয়া গেছে। এ সময়ের
মধ্যে মহিলা জামায়াতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ পাননি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
মহিলা জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয়। যোগ্যতার বিচারে
নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না।
তাদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবেই ইইউর দীর্ঘমেয়াদি
পর্যবেক্ষক দলের সদস্যরা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে
দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বিষয়টি জানিয়েছেন পর্যবেক্ষক দলের সদস্যরা।