নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:১৮:৩৯
‘সেটেলমেন্ট’ নির্বাচন হলে কঠোর সিদ্ধান্ত: আসিফ মাহমুদ
‘সেটেলমেন্ট নির্বাচন’ হলে যেকোনো সময় কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠপর্যায়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নির্বাচন কমিশনের নেই। বিভিন্ন জায়গায় কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’
সারাদেশে চলমান নির্বাচনী সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এনসিপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে।’
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, ‘যদি আগে থেকেই ঠিক করা থাকে কে প্রধানমন্ত্রী হবে কিংবা কোন দল ক্ষমতায় আসবে—অর্থাৎ যদি কোনো ধরনের ‘সেটেলমেন্ট নির্বাচন’ বা বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে ১১-দলীয় জোট যেকোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে। আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়; আমাদের লড়াই সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও কোনো প্রভাব পড়বে না মন্তব্য করে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে।’