স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৬
বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি (৩০০*) হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। ৪৫০ বলের এক মহাকাব্যিক ও ধৈর্যশীল ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি স্বর্ণাক্ষরে খোদাই করে নেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চোখধাঁধানো ব্যাটিং প্রদর্শনীতে ট্রিপল সেঞ্চুরির মহাকাব্যিক ল্যান্ডমার্ক স্পর্শ করেন এ ব্যাটার।
অবশ্য যে মাঠে ত্রিশতক হাঁকিয়েছেন হৃদয়, এই মাঠ বাংলাদেশিদের কাছে এক অনন্য ভেন্যু। ২০২০ সালে এখানেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর এই ঐতিহাসিক মাঠেই বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩০০ রানের অলৌকিক ইতিহাস লিখলেন বগুড়ার এ ব্যাটার।
এই অবিস্মরণীয় ইনিংসের পথচলায় তিনি বাংলাদেশ ‘এ’ দলের ২৩ বছর আগের একটি ঐতিহাসিক রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন হৃদয়। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন, যা এত দিন পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শাহরিয়ার বিদ্যুৎকে টপকে শীর্ষস্থান দখল করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার ঘটনা এটি কেবল তৃতীয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবাল জাতীয় ক্রিকেট লিগে (বিসিএল) ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এবং ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রাকিবুল হাসান।
তবে তামিম ও রাকিবুল— দুজনের রেকর্ডই ছিল দেশের মাটিতে ঘরোয়া প্রতিপক্ষের বিপক্ষে, যেখানে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি বিদেশের মাটিতে।