নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১১:৪৩
কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
রংপুরের কাউনিয়ায় আলোচিত মাদ্রাসার শিক্ষক ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার আসামিদের কাউনিয়া থানায় নিয়ে আসার পর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খানাপাড়া এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি কাউনিয়ার শিবু কুটিপাড়া এলাকার মসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে রতন পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার তিন আসামিকে কাউনিয়া থানায় নিয়ে আসে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে রতন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানাপাড়া এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।