নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ১০:১৫:২২
সিলেটে কর্মব্যস্ত দিন কাটিয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে সারাদিন কর্মব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২ মে) সিলেট থেকে বিমানযোগে রওনা হয়ে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে ৬টার দিকে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের এক কর্মীসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বোতাম চেপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তার আগে দুপুরে সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুরে বাসিয়া নদী পুনঃখনন কাজ উদ্বোধন করতে যান তারেক রহমান। সেখানে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয়রা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে। তাই জেলার বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধনে গেলে সেখানকার মানুষ ‘দুলাভাই, দুলাভাই, স্বাগতম, শুভেচ্ছা’ স্লোগানে তাকে স্বাগত জানান।