নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ রাত ১০:৫৪:১৪
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান-বারিধারা লেক উন্নয়নে বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত দেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।