সীমা আক্তার
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৫৯:০৭
রাজধানীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৭ চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ১৬৩ পিস ইয়াবাসহ চিহ্নিত ৫ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্য এবং ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সার্বিক নির্দেশনায় দক্ষিণখান থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
পরে দক্ষিণখান জোনের এডিসি ও সহকারী পুলিশ কমিশনারের তাৎক্ষণিক নির্দেশনায় এবং দক্ষিণখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৫ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং ২ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন—মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মো. মোখলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২) এবং গোলাম রহমান (৩০)।
এ ছাড়া গ্রেফতার হওয়া দুই মাদক কারবারি হলেন মেহেরাজ হাসান অন্তর (২৪) ও শাকিল আহমেদ হৃদয় (২৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টা নিরলস অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।