নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:১৯:২২
বড় রদবদল, জনপ্রশাসনসহ ৪ দপ্তরে নতুন সচিব নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগসহ প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে দুই মন্ত্রণালেয়ের তিন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।