নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪২:৫৬
মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ঢাকায় একটি অফিস খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর মনোনীত বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করে এ আহ্বান জানায় তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া, বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
মেটার বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে কোম্পানিটির সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেম শক্তিশালী করার সুযোগ-সুবিধাও উঠে আসে, বিশেষ করে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, এসএমই এবং ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।
তিনি মেটাকে বাংলাদেশে একটি কার্যালয় খোলার আহ্বান জানান এবং অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, তিনি বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা করেন।