নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:২৯:২১
রিয়াজুল হত্যা : শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গত ১৯ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।
যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এ জে এম এনামুল হক, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার সময় যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা এক দফা আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এ সময় মো. রিয়াজুল তালুকদার গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় একই বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় নিহত রিয়াজুলের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।