শাফি উদ্দিন আহমদ
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৮:০৫
বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে তরুণ সমাজের অবদানকে বিশেষভাবে উদযাপন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পরিবর্তন, উদ্ভাবন ও নেতৃত্বের কারিগর হিসেবে তরুণদের ভূমিকার প্রশংসা করেন। একই সাথে একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও টেকসই সমাজ গঠনে তরুণরা যেভাবে সচেষ্ট ভূমিকা রাখছে, তা উল্লেখ করে তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ।
বর্তমান বিশ্ব ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশ, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও অসমতার কারণে নাটকীয়ভাবে পুনর্গঠিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য 'নমনীয় ভবিষ্যৎ ও সবার জন্য দক্ষতা' আমাদের মনে করিয়ে দেয় যে, এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে তরুণদের জন্য সম্পূর্ণ নতুন কিছু দক্ষতার প্রয়োজন। যার মধ্যে ডিজিটাল সাক্ষরতা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার (ক্রিটিক্যাল থিংকিং) মতো বিষয়গুলো অন্যতম ।
নতুন প্রজন্মের সম্পূর্ণ সম্ভাবনাকে উন্মোচন করতে অন্তর্ভুক্তিমূলক মানসম্পন্ন শিক্ষা এবং প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। যুবকদের মাঝে দক্ষতার এই ব্যবধান বা ঘাটতি দূর করা সম্ভব হলে তা বড় পরিসরে শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সাহায্য করবে। তাই এই বিশ্ব যুব দক্ষতা দিবসে পরিবর্তিত বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতির আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সকলের জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে অবদান রাখতে পারে ।