মিজানুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ০৯:০৮:৫৭
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলিবর্ষণ, চোরাচালান প্রতিহত
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, রোববার (১২ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তলুইগাছা বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৩ সংলগ্ন চারাবাড়ী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ভারতীয় চোরাকারবারিকে দেখতে পায় টহল দল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে নির্দেশ অমান্য করে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ ও নিরাপত্তার স্বার্থে বিজিবি গুলিবর্ষণ করে। এ সময় চোরাকারবারিরা সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।