নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ০৮:৫৯:৪০
শতভাগ শূন্যপদ যুক্ত করে নতুন গণবিজ্ঞপ্তির দাবি সুপারিশবঞ্চিতদের
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং তাদের সবাইকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে, তাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ না করার আহ্বানও জানিয়েছেন তারা।
রোববার (১২ জুলাই) রাজধানীর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি। তাদের দাবি, ২০১৫ সালের বিধিমালা অনুযায়ী শূন্যপদের বিপরীতে ৬০ হাজারের বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হলেও পরবর্তী গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় অনেক যোগ্য প্রার্থী টানা দুই দফা সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।
প্রার্থীরা জানান, গত এপ্রিলে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। ওই বৈঠকে মন্ত্রী তাদের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দেন বলে দাবি করেন তারা। এছাড়া গত ৮ জুন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও শিক্ষামন্ত্রী তাদের নিয়োগের বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন বলে তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ই-রিকুইজিশনের মাধ্যমে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ; যেসব বিষয়ে বঞ্চিত প্রার্থীর সংখ্যা শূন্যপদের চেয়ে বেশি, সেসব বিষয়ে তাদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি স্থগিত রাখা; এবং সনদের মেয়াদ থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে সহকারী শিক্ষক, স্কুল পর্যায়-২ ও প্রভাষক পদে নিয়োগ নিশ্চিত করা।