রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ১১:১৪:২৫
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ধুনট থানার এসআই ক্লোজড
বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট দালাল চুক্তি অনুযায়ী বিদেশে কাজের ব্যবস্থা করে দেননি। অভিযোগটির তদন্তভার দেওয়া হয়েছিল এসআই মোস্তাফিজার রহমানের ওপর।
পরবর্তীতে অভিযোগ তদন্ত করতে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে এসআই মোস্তাফিজার রহমানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।