ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ০৯:০৮:০২
দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় আরও জোর দিতে হবে
‘একান্তের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওশীন আরিফ।
প্রধান অতিথি নওশীন আরিফ বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হলে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং কার্যকর পরিবার পরিকল্পনা কর্মসূচির সমন্বিত বাস্তবায়নের বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল লক্ষ্য হলো জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং পরিকল্পিত পরিবার গঠনে জনগণকে উদ্বুদ্ধ করা। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা এবং একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।