নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:৫৩
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া : শিক্ষামন্ত্রী
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া। দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছে, আমরা যেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের ঘোষণা দিয়ে এহছানুল হক মিলন বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে ছয় মাসের মধ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে এহছানুল হক মিলন বলেন, এটি একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইটের সলিং করা রাস্তায় হাঁটতে তার ভালো লাগেনি। এর চেয়ে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটা ভালো। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাস্তাগুলো সলিং করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট ছোট। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ ছাড়া বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।