মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:০৩
ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ
ঢাকার ধামরাইয়ে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা, খেসারি ও অন্যান্য ফসলের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৬ হাজার ৫০০ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।