রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৯
বগুড়ায় ফুটপাত দখলে ৮২৯ দোকান, নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ
বগুড়া নগরীর ফুটপাত এখন আর পথচারীদের চলাচলের জায়গা নেই। দখল হয়ে গেছে ভ্রাম্যমাণ দোকানের কবলে। নগরজুড়ে অন্তত ৮২৯টি দোকান বসিয়ে চলছে ব্যবসা। অভিযোগ রয়েছে, এসব দোকানকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে চাঁদা আদায়কারী বিভিন্ন পক্ষ। প্রশাসনের পক্ষ থেকে গত পাঁচ বছরে ১৩ বার উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ীভাবে দখলমুক্ত করা যায়নি ফুটপাত।
অনুসন্ধানে উঠে এসেছে, ফুটপাতের এই দখল-বাণিজ্যের নেপথ্যে রয়েছে রাজনৈতিক সংগঠনের কিছু নেতাকর্মী, পুলিশের নাম ব্যবহারকারী চাঁদা আদায়কারী, সিটি করপোরেশনের কিছু নিরাপত্তাকর্মী এবং স্থায়ী দোকানিদের একটি অংশ। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোর অনেকেই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
নগরীর থানা রোড, ঝাউতলা, বড়গোলা, দত্তবাড়ি, কালীতলা, ফুলবাড়ি, স্টেশন রোড, কাঁঠালতলা, সাতমাথা, সার্কিট হাউস রোড, চেলোপাড়া, নাটাইপাড়া ও শেরপুর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট।
তথ্য অনুযায়ী, নগরীতে প্রতিদিন বসে প্রায় ৪৭৩টি দোকান। এর মধ্যে ফলের দোকান ২৫৪টি। এ ছাড়া ফুচকা, ফাস্টফুড, চা, ডাব ও কাপড়ের ভ্রাম্যমাণ দোকান রয়েছে। সকাল ও সন্ধ্যায় দোকানের সংখ্যা আরও বাড়ে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের ফুটপাতও ভাড়ায় দেওয়া হচ্ছে। এমন অন্তত ৩৫৬টি স্থানে ভ্রাম্যমাণ দোকান বসে। প্রতিটি দোকান থেকে দৈনিক গড়ে ২০০ টাকা ভাড়া আদায়ের হিসাবে দিনে প্রায় ৭১ হাজার টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের নাম ব্যবহার করে দোকানপ্রতি দৈনিক ১৫ থেকে ২০ টাকা এবং পুলিশের নাম ব্যবহার করে গড়ে ৩০ টাকা করে আদায় করা হয়। সাতমাথা এলাকায় কিছু রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করেও চাঁদা তোলার অভিযোগ রয়েছে। তবে এসব অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তহবিলে জমা হয় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
একাধিক দোকানির ভাষ্য, নিয়মিত টাকা না দিলে ফুটপাতে দোকান বসানো কঠিন। অন্যদিকে কিছু স্থায়ী দোকানি নিজেদের প্রতিষ্ঠানের সামনের জায়গা ভাড়া দিয়ে বাড়তি আয় করছেন বলেও অভিযোগ রয়েছে।
ফুটপাত দখলমুক্ত করতে বারবার অভিযান চালিয়েও কেন স্থায়ী সমাধান হচ্ছে না, সেই প্রশ্ন এখন নগরবাসীর। গত রোববার দুপুরে কাঁঠালতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পর বিকেলেই আবার দোকান বসতে দেখা যায়। এর আগে গত বুধবার উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানিদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি আতিকুর রহমান বাদল বলেন, স্থায়ী দোকানিরা তাঁদের সামনের ফুটপাত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ভাড়া দিচ্ছেন। এটি যানজটের অন্যতম কারণ। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, পুলিশ এসব দোকান থেকে চাঁদা তোলে না। পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদা তুললে তাকে আটক করে রাখতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো চাঁদা তোলা হয় না। তাঁর অজান্তে কেউ এমন কাজ করে থাকলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাতের ব্যবসায়ীরা অন্যত্র যেতে রাজি না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না বলেও জানান তিনি।
অন্যদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জানিয়েছেন, তাঁদের সংগঠনের নামে কারা চাঁদা তোলে, তা তাঁদের জানা নেই। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন এখন একটাই—জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কার দখলে? উচ্ছেদ অভিযান কেন কয়েক ঘণ্টার বেশি কার্যকর থাকছে না? চাঁদা আদায়ের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি? নগরবাসীর প্রত্যাশা, সাময়িক অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজন স্থায়ী ও কার্যকর ব্যবস্থা।