নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ০৭:৪৪:০৩
অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক-ব্রিটিশ হাইকমিশনের বৈঠক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আর্থিক খাতের আধুনিকায়ন, অর্থ পাচার প্রতিরোধ এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও স্টোলেন অ্যাসেট রিকভারি বিষয়ক পরামর্শক ফারহানুল গণি চৌধুরী উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি হিসেবে অংশ নেন এমা উইন্ড ও ইসাম মোসাদ্দেক।
বৈঠকে যুক্তরাজ্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের চলমান সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।
সারাহ কুক বাংলাদেশ ব্যাংককে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এ সময় ব্যাংক রেজুলুশন অ্যাক্টসহ আর্থিক খাত সংস্কার নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অর্থ পাচার প্রতিরোধ ও বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ পুনরুদ্ধারে দুই পক্ষের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া আসন্ন এফএটিএফ মিউচুয়্যাল ইভ্যালুয়েশন, অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং ভিসা আবেদন সংক্রান্ত ব্যাংক হিসাব বিবরণী ডিজিটালভাবে যাচাইয়ের বিষয়েও মতবিনিময় হয়।
গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়নে যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ক্যাশলেস সমাজ ও শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।