মো. শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:৩৯
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এস'আই মোসলেমকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দায়ের করা ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, “আজ বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেল রোধকরে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”