পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৭:০৯:৫১
জেলা পর্যায়ের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা
ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুডনেইবারস বাংলাদেশ’ পীরগঞ্জ সিডিপির আয়োজনে শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পর্যায়ে এই ফাইনাল প্রতিযোগিতা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ দৌলতউজ্জামান, জেলা শিক্ষা অফিসের তদন্ত কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আবদুল হান্নান, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন এবং গুডনেইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
চমৎকার এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় আরও বেশি উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।