মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:০০:১৩
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক তমজিদ হোসেন এবং গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরশিদা রহমান।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার থেকে তমজিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গজঘণ্টা বাজার থেকে গ্রেপ্তার করা হয় মুরশিদা রহমানকে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক পরামর্শ ও গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
তাঁদের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানার মামলা নম্বর-২৮, জিআর নম্বর-৩১১/২৫, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩)-এর ৬(ঈ)/৮/৯(৩)/১০/১২ ধারায় দায়ের করা মামলাটির বাদী পুলিশের উপপরিদর্শক আজিজার রহমান।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একই মামলায় এর আগে মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর, বড়বিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মেম্বার এবং খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এনছান আলীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।