নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬ রাত ০৯:৪৯:৫০
ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক ৩ যুবক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন তিন যুবক। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের উদামদি এলাকায় পাম্প হাউজ-সংলগ্ন আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— পশ্চিম বাইশপুর এলাকার হারুনুর রশিদের ছেলে মো. রুবেল, বাচ্চু প্রধানের ছেলে মাহাবুব আলম এবং ছোট হলদিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. কাউসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজন আজিজের বাড়িতে সংঘবদ্ধ হয়ে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, মাদক সেবনের সময় এলাকাবাসী তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।