কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৩৫
গাজীপুর শিল্প অঞ্চলে নিরাপত্তায় ৩৯ প্লাটুন বিজিবি,আনসার ও এসআরবি মোতায়েন
গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১০ পেট্রোল এস আর বি ও ১৪ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানাযায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার শ্রমিক অসন্তোষ নিরসন উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন।
এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।
আজ সকাল ৮ টার পরে শ্রমিকরা সাইনবোর্ড মালেকের বাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পরেন দূর্পাল্লার যাত্রীসহ পথচারীরা।
পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছাড়তে অনুরোধ করলে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। শ্রমিক পুলিশের সাথে চলে দফায় দফায় সংঘর্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান,গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ১৪ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য কাজ করছেন।
গাজীপুর পোড়াবাড়ি এসআরবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন,অন্যান্য বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্প অঞ্চলে ১০ পেট্রোল এসআরবি সার্বিক নিরাপত্তায় কাজ করছেন।
গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানানা,গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।