রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৩:০০
ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
বগুড়ার ধুনট উপজেলায় রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুর ডালের উৎপাদন বাড়াতে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনটের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নূর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
এ সময় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৪ হাজার ৮৫০ জন কৃষক সরিষা, ১০০ জন চিনাবাদাম এবং ৫০ জন মসুর চাষের জন্য বীজ ও সার পাচ্ছেন।
এর মধ্যে প্রত্যেক সরিষাচাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। চিনাবাদামচাষিরা পাচ্ছেন ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর প্রত্যেক মসুরচাষিকে দেওয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।