জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৩:১৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা
নেত্রকোণার কেন্দুয়ায় নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী তিন যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।
পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা দেখতে পায় ওই ছাত্রী। রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় ১৫ নভেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে নূর আলম (৩০) ও ফজলুল হকের ছেলে শাহ আলম (২৮)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।