কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:৫৬
গাজীপুরে পুলিশ বক্সে আগুন, গ্রেফতার ৩
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ, ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে মহানগরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোনাবাড়ি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল।
গ্রেফতার হলেন, গাজীপুর মহানগর ৮ নং ওয়ার্ড শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া, আ.লীগ কর্মী আজিজুল হক ও আমিনুল ইসলাম।
উল্লেখ্য ন্যুনতম মজুরী ৩০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে গত (১ নভেম্বর) ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনরত শ্রমিকদের। এক পর্যায় সকাল ১০ টার সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়িতে ট্রাফিক পুলিশ ও শিল্প পুলিশ বক্সে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। অগ্নিকান্ডে পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে যায়।
এ ঘটনায় শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাদী হয়ে কোনাবাড়ি থানায় অজ্ঞাত আসামি করে দুইটি মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থাানর পুলিশ পরিদর্শক (তদন্ত)মো. আসিফ ইকবাল বলেন, গ্রেফতার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।