মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৩২:১৮
ধামরাইয়ের অসহায় বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন ও জেলা পরিষদ
ঢাকার ধামরাইয়ের অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। জরাজীর্ণ ঘরে বিদ্যুৎ, শৌচাগার ও পানির নলকূপ ছাড়াই দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এতিম নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন ৮৯ বছর বয়সী হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তার।
তাঁদের এমন দুর্দশার চিত্র সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে পরিবারটির সহায়তায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। ঘর মেরামতের জন্য টিন, নগদ অর্থ এবং জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।
সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন অসহায় পরিবারটির হাতে এসব সহায়তা তুলে দেন। অনুদানের মধ্যে রয়েছে ঘর মেরামতের জন্য দুই বান টিন, একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা।
অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে বৃদ্ধ হানেছ আলী বলেন, দুইডা পুত আর পোলার বউ হারায়ে এতিম নাতিডারে নিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। ঘরে আলো নাই, পানি নাই, টয়লেট নাই। সাংবাদিকরা আমাদের এই কষ্টের কথা তুলে ধরায় আজ সরকার আমাদের দিকে তাকাইছে। এখন একটা ভ্যান গাড়ি পাইছি, নাতিডা চালাইয়া সংসার টানতে পারবে। আমরা খুব খুশি।
তাঁর এতিম নাতি বলেন, “বাবা-মা মারা যাওয়ার পর দাদা-দাদি ভিক্ষা করে আমাকে বড় করেছেন। উপার্জনের জন্য প্রশাসন থেকে দেওয়া এই ভ্যানগাড়িটি এখন আমার বেঁচে থাকার সম্বল। আমি এখন কাজ করে দাদা-দাদিকে খাওয়াতে পারব। এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই।
স্থানীয় ইউপি সদস্য বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা আর মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিল। প্রশাসন যেভাবে দ্রুত সাড়া দিয়ে টিন, নগদ টাকা ও ভ্যানগাড়ির ব্যবস্থা করেছে, তা প্রশংসনীয়। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গণমাধ্যমে এই অসহায় বৃদ্ধ দম্পতির মানবিক সংকটের বিষয়টি আমাদের নজরে আসে। সংবাদটি দেখার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির জরুরি প্রয়োজন মেটাতে আর্থিক ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করেছি। পরিবারটির স্থায়ী জীবনমান উন্নয়ন এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি সুসংহত আবাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।