ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:১০
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও সিএনজির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মিডিয়া কর্মকর্তা।