শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০২:০১
মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম
চাঁদপুরের মতলব উত্তরে রাস্তা সংস্কারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে নূরনবী (২৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়াল, ধারালো লোহার ছেনা ও ছুরি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গুরুতর আহত নূরনবী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত নূরনবীর বড় ভাই মো. হানিফ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. মুক্তার হোসেন (৩৩), মো. সিয়াম মিয়া (২৬), মো. মাসুম মিয়া (৩৪), মো. মাসুদ সরকার (৩৪) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা সংস্কারকে কেন্দ্র করে নূরনবীদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নূরনবীদের বাড়ির আঙিনায় প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে নূরনবীকে কথা বলার কথা বলে ঘর থেকে বাইরে ডেকে আনা হয়। পরে বাড়ির আঙিনায় কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের একজন চাইনিজ কুড়াল দিয়ে নূরনবীর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি দুই হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার ডান হাতে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে আরেকজন ধারালো লোহার ছেনা দিয়ে তার বাম হাতের বাহুতে আঘাত করেন। এতে ওই হাতেও গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ছাড়া ছুরি দিয়ে নূরনবীর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করার অভিযোগও রয়েছে। হামলার সময় তার সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।
নূরনবীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আহত নূরনবীর বড় ভাই ও মামলার বাদী মো. হানিফ বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলায় সে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।