টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৬:৩০
টুঙ্গিপাড়ায় যুবদলের বিশেষ মহড়া, ডিসেম্বর ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা
ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শনিবার (৭ নভেম্বর) বিশেষ মহড়া পালন করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে অস্থিরতার আশঙ্কায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও সতর্ক অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সম্প্রতি দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক খাতের অস্থিরতা ও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এসব পরিস্থিতিতে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান ও মহড়ামূলক কর্মসূচি পালন করতে দেখা গেছে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হচ্ছে।
এরই অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরাও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ে বিশেষ মহড়া পালন করেছেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে এ ধরনের সতর্কতামূলক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।