ওমর ফারুক সোহাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৩৬:২৮
কক্সবাজারে অনলাইন জুয়া,প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ছয় চীনা নাগরিক গ্রেফতার
কক্সবাজার শহরের একটি হোটেল থেকে অনলাইন জুয়া, প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
পুলিশ জানায়, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত একটি মামলা হয়েছে।
তবে মামলার নম্বর, আসামিদের নাম ও নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশের একটি সূত্রের দাবি, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ চীনা নাগরিক এবং কয়েকজন তাইওয়ানের নাগরিক মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়। তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন বা হোটেলে অবস্থানকালে কী ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন, সে বিষয়ে মন্তব্য করেনি হোটেল কর্তৃপক্ষ।