পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৫:২৫
পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর ওপর প্রায় ২০ কৌটি ৩৪ লাখ টাকায় ব্যায়ে নির্মিত বহুল আকাঙ্ক্ষিত চেরকুরঘাট সেতু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কোষারানিগঞ্জ ইউনিয়নের ভামদা এলাকায় ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
কোষারানিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা'র সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন এলজিইডি’র ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, ঠিকাদার জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান গৌতম চন্দ্র রায, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
নতুন এই সেতুটি চালু হওয়ার ফলে পীরগঞ্জ উপজেলার কোষারানিগঞ্জ, সৈয়দপুর, খনগাঁও ইউনিয়ন এবং সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নসহ আশপাশের প্রায় ২৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াত এবং চিকিৎসাসেবা প্রাপ্তিতে এই এলাকার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।