কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৬:০৬:১৬
কালকিনিতে প্রথম ব্যালট বাক্সের মাধ্যমে প্রেসক্লাব নির্বাচন
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কালকিনিতে এই প্রথম ব্যালট বাক্সের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের আমেজ বিরাজ করে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। প্রিজাইডিং অফিসার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাকিব খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালকিনি উপজেলা। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. ফরিদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কালকিনি উপজেলা। ভোটগ্রহণ শেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দৈনিক আমার দেশ পত্রিকার কালকিনি প্রতিনিধি খন্দকার শামীম হোসাইন সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া চ্যানেল এস টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সবুজকে কোষাধ্যক্ষসহ মোট ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন উপলক্ষে কালকিনি মডেল প্রেসক্লাবের ভেতরে ভোটকেন্দ্রটি রঙিন বেলুন ও সুন্দর সাজসজ্জায় সাজানো হয়েছিল। ভোটার ও সাংবাদিকদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অত্যন্ত হাসোজ্জ্বল ও উৎসবমুখর মনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। প্রশাসনের কড়া তত্ত্বাবধান ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে ব্যালট বাক্সে ভোট প্রদান করায় পুরো নির্বাচন প্রক্রিয়াটি সকলের নিকট অত্যন্ত প্রশংসিত ও সাদরে গৃহীত হয়েছে।
নির্বাচন উপলক্ষে কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন এই নেতৃত্বের মাধ্যমে কালকিনিতে সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন।