মো. সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:০৮
ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরফান হেরোইনসহ আশুলিয়ায় গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আরফান আলীকে (৩৯) ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরফান আলী ধামরাই উপজেলার কুমরাইল মধ্যপাড়া এলাকার কুরবান আলীর ছেলে। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার ওজন ১০ গ্রাম। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আরফান আলীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে পেশাদার মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।