গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৯:২৪
গাজীপুরে পুলিশের গাড়ীতে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা
গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে এ ঘটনা ঘটে।
এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস।
ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ রাজীব হোসেন জানান,রাস্তায় শ্রমিকদের প্রতিবন্ধীকতার কারণে পুলিশের গাড়িতে লাগা আগুন নিভাতে পারিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় সোমবার সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোড়, সাইবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা নাউজর ফ্লাইওভারের উপর পুলিশের গাড়িতে আগুন দেয় এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা কাজ করছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শতশত পথচারী ও গাড়ির যাত্রীরা।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরে বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে ভোগড়া এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করছেন। তিনি আরও বলেন, গাজীপুরে প্রায় দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।