নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৭:৪২
বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গঠিত হয়েছে মন্ত্রিসভা। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। দায়িত্ব নিয়েই তিনি সংবাদ সম্মেলনে কথা বললেন।
বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে এ সময়
আমিনুল উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে বসার কথাও জানিয়েছেন তিনি।
২০২৫ সালের নভেম্বরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়
ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বিসিবির সেই নির্বাচনে
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর
সিদ্ধান্ত নেন। পরে বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার
৪৫টি ক্লাব।
আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি
আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির
নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব,
কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে
মন্তব্য করতে পারব।’
এ ছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ না করারও ঘোষণা দিয়েছেন
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একদিনেই সব পরিবর্তন করতে পারব না, এটি সম্ভবও না। সংস্কারের
জন্য লম্বা সময়ের চর্চা প্রয়োজন। আমি নিশ্চিত করতে চাই খেলাকে রাজনীতিকীকরণ করা কিংবা
কোনো দলের প্ল্যাটফর্মে পরিণত করা হবে না। যারা সত্যিকারভাবে খেলাকে ভালোবাসে ও স্পোর্টিং
কমিউনিটির উচিত তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা।’