নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ রাত ০৬:৪৭:৩৫
ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১৫৩৫ জন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৫ জন।
আজ শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯০৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
বুলেটিনে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭২১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুরে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।