রাজিব মাহমুদ (সাভার প্রতিনিধি)
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ রাত ০৬:৫৯:০১
ডেঙ্গুতে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান
ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা-বাবা, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।
নাদিম হাসান প্রায় এক দশকের বেশি সময় ধরে মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি মা-বাবার সঙ্গে থাকতেন। তিনি মা-বাবা ও দুই বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
নাদিম হাসানের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক নাদিম হাসানের মৃত্যুর ঘটনায় সাভার প্রেসক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন। শোক নেমে এসেছে স্থানীয় সাংবাদিকদের মধ্যে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন দিন আগে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়। নাদিম হাসান তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি গুণী সাংগঠনিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা নাদিম হাসানের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।
নাদিম হাসানের ঘনিষ্ঠ সহকর্মী নোমান মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর লাশ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নেওয়া হবে। সেখানে জানাজা ও পরবর্তী কার্যক্রম শেষে লাশ দাফন করা হবে।