মিরপুরে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:১০:৩৮
চাকরির জন্য বিদেশ যেতে চাইলে সহজ শর্তে ঋণ দেওয়া হবে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠন ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করছে বিএনপি। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামেলি কার্ড চালু করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ ময়দানে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, বিপক্ষ দলের সমালোচনা করলে, গীবত গাইলে জনগণের কোনও লাভ হবে না। তার চেয়ে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত। কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে।
তিনি বলেন, চাকরির জন্য যারা বিদেশ যেতে চাইবে তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। ঢাকা- ১৬ আসনের মানুষদের চিকিৎসা জন্য একটি হাসপাতাল করার ঘোষণা দেন তিনি।
‘পানি সমস্যা দূর করতে সমগ্র বাংলাদেশে খাল-খনন করা হবে। সরকার গঠন করতে পারলে ঢাকা শহরের জলবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে,’ বলেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, সবার আগে দেশ। তাই যেকোনও মূল্যে দেশকে গড়ে তুলতে হবে।