কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ রাত ০৭:০৪:২৮
কসবায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একটি বেকারিতে অনুমোদনহীন রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একটি কেকের রং বিক্রির দোকানে টেক্সটাইল কালারকে ফুড গ্রেড রং হিসেবে উল্লেখ করে বেকারিতে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেছেন।