নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৩:৩২
সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায় : পরিবেশমন্ত্রী
বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগামী সাত থেকে আট বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ইটভাটার কার্যক্রম বন্ধ করে পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
একই সঙ্গে শিল্পকারখানার নির্গমন পর্যবেক্ষণ, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজের দূষণ কমাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আজ জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে জৈব ও পৌর বর্জ্য পোড়ানো, ইটভাটা, অনিয়ন্ত্রিত নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আন্তঃসীমান্ত দূষণ। এসব নিয়ন্ত্রণে বায়ুদূষণ বিধিমালা-২০২২ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সরকার ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যানবাহন, কলকারখানা, ইটভাটা, নির্মাণকাজ, বর্জ্য, গৃহস্থালি ও কৃষিকাজ থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৩৫টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা এবং ১৩৬টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ৯১টি অভিযান চালিয়ে ২৮৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখার অপরাধে ১৩৫টি মামলা করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশে ৩১টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্পের আওতায় শিল্পকারখানার নির্গমন অনলাইনে পর্যবেক্ষণ, যানবাহন পরীক্ষাকেন্দ্র আধুনিকায়ন এবং ঢাকায় ৪০টি বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, দেশে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে। একসঙ্গে সব বন্ধ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে ইটভাটার পরিবর্তে ব্লকের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।