শাফি উদ্দিন আহমদ, নিউইয়র্ক থেকে
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:১২:১৮
তারেক-শাহবাজ বৈঠক: পারস্পরিক স্বার্থে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার নিউইয়র্কে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই প্রধানমন্ত্রী।
এ সময় অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।