রাজিব মাহমুদ (সাভার উপজেলা প্রতিনিধি):
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৪:৩৮
সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার
সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ হোসেন (২২), পিয়াল (২২) এবং ইমন (২৪)।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) নেছার ও এএসআই কামাল বাশারের সমন্বয়ে গঠিত পুলিশের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি (অ্যামিনেশন) উদ্ধার করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছে, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।