সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৭ মে ২০২৬ বিকাল ০৪:১৬:৫৭
সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে সেখানে অবস্থান করছে। পরে ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। তবে এ সময় চক্রের আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উল্লাপাড়া উপজেলার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
ওসি আসলাম হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।