নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪১:২১
জাপানি 'কাকেবু' কৌশলে সঞ্চয় করুন, নিরাপদ থাকুন
একজন মানুষের সঞ্চয় ও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে জাপানি 'কাকেবু' কৌশল ব্যবহার করা যেতে পারে। আমাদের মধ্যে অনেকেই মাসের সব খরচ শেষ করে যা অবশিষ্ট থাকে, তা জমানোর চেষ্টা করেন। কিন্তু কাকেবু পদ্ধতিতে এই ভুল প্রক্রিয়া এড়ানো যায়। কিভাবে আসুন জেনে নেই।
কাকেবু পদ্ধতি বলছে, নিশ্চিন্ত ভবিষ্যৎ এবং অবসর জীবনের জন্য আয়ের অন্তত ২৫ শতাংশ টাকা মাসের শুরুতেই সরিয়ে রাখা উচিত। সঠিক পরিকল্পনা না থাকায় অনেকেই পরিবারের উৎসব-অনুষ্ঠান বা আনুষঙ্গিক খরচের চাপে মাস শেষে অর্থকষ্টে ভোগেন। এই সমস্যা সমাধানে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে জাপানি এক পদ্ধতি, যার নাম ‘কাকেবু’।
১২০ বছরের পুরনো সঞ্চয় মন্ত্র ‘কাকেবু’ (Kakeibo) শব্দের আক্ষরিক অর্থ হলো ‘হিসাবের খাতা’। আজ থেকে প্রায় ১২০ বছর আগে জাপানের এক নারী সাংবাদিক এই বিশেষ পদ্ধতির প্রবর্তন করেন। এটি মূলত একটি সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনার কৌশল। এই পদ্ধতির মূল কথা হলো ব্যয় করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় নয়, বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা-ই ব্যয় করা। ডিজিটাল যুগে অ্যাপ বা সফটওয়্যারের চেয়ে নিজের হাতে হিসাবের খাতায় খরচ লিখে রাখাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা মানুষকে তাঁর ব্যয় সম্পর্কে সচেতন করে তোলে।
কাকেবু পদ্ধতি অনুযায়ী, মাসের শুরুতেই আপনাকে একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করতে হবে। প্রথমেই আপনার কাঙ্ক্ষিত সঞ্চয়ের অংশটি আলাদা করে সরিয়ে ফেলুন। এরপর অবশিষ্ট টাকা দিয়ে সাজান আপনার মাসিক খরচের তালিকা। এই তালিকায় প্রথমেই থাকবে আবশ্যিক খরচ (যেমন—বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, বাজার খরচ)। এরপর একটি অংশ রাখুন আপনার শখ বা বিনোদনের জন্য (যেমন—কেনাকাটা বা সিনেমা দেখা)। এভাবে ভাগ করে খরচ করলে অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়।
সঞ্চয় ও নিয়মিত খরচের পাশাপাশি কাকেবু পদ্ধতিতে 'আপৎকালীন তহবিল' বা ইমার্জেন্সি ফান্ডের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতি মাসের বাজেটে সামান্য কিছু টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে, যা কেবল আকস্মিক বিপদে বা জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে। প্রতি রাতে বা সপ্তাহ শেষে নিজের খরচের খাতাটি পর্যালোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় বাড়তি খরচ হচ্ছে। এই শৃঙ্খলা বজায় রাখলে মাসের শেষ দিনগুলোতেও আপনাকে আর টাকার জন্য দুশ্চিন্তা করতে হবে না, বরং আপনার পকেট থাকবে সবসময়ই গরম।